
সিবিআই তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়ের মেয়ে শিল্পা বসু। হাতে নথি নিয়ে শুক্রবার সকালে তিনি সিজিওয় এসেছেন। শিল্পা বসু জানিয়েছেন কিছু নথিপত্র চেয়ে পাঠানো হয়েছিল, সেটা দিতেই এসেছেন।
আর জি করের দুর্নীতিকাণ্ডে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে ৮ ঘণ্টা জেরা করা হয় তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়কে। ম্যারাথন জেরার পর অবশ্য শুক্রবার তাঁকে ডেকে পাঠানো হয়নি বলে দাবি করেছেন মেয়ে শিল্পা বসু। তবে তাঁদের বাড়িতে তল্লাশির সময় যে ফোন বাজেয়াপ্ত করেছিল ইডি তা এখনও ফেরত দেয়নি বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সিজিওয় হাজিরা দিতে এসে সুদীপ্ত রায় দাবি করেছিলেন বাড়িতে তল্লাশির সময় তাঁর এবং মেয়ে ৩টি ফোন বাজেয়াপ্ত করেছিল ইডি। সেই ফোন খোলার জন্যই ডেকে পাঠানো হয়েছে। ২ দিন আগে মঙ্গলবার তাঁর সিঁথির বাড়ি ও নার্সিংহোমে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। হুগলির দাদপুরেও সুদীপ্ত রায়ের বাংলোতেও তল্লাশি চালায় ইডি। আর জি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেযারম্যান ছিলেন সুদীপ্ত রায়। ইডি-র দাবি দুর্নীতির তদন্তে আর্থিক লেনদেনের নথি খতিয়ে দেখার পর, তাঁর নাম উঠে আসে।









