
সোমবার, ৮ জুন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই লোকসভায় তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙনের জল্পনা শুরু হয়েছে। ঘটনাচক্রে সেদিনই সরকারি অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
আবার ইন্ডিয়া-র বৈঠকে যোগ দিতে রাজধানীতে থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের দাবি, অনেক হিসাব করেই এই দিনটি বেছে নেওয়া হয়েছে। শনিবার তৃণমূলের লোকসভার এক সাংসদের সঙ্গে কেন্দ্রের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর বৈঠক হতে পারে। তারপর রবিবার প্রায় কুড়ি জন তৃণমূল সাংসদের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা। সব ঠিক থাকলে সোমবার লোকসভার অধ্যক্ষের কাছে তাঁদের স্বাক্ষরিত চিঠি জমা পড়তে পারে। তাতে লোকসভায় নতুন দলনেতা হিসাবে কাকলি ঘোষ দস্তিদারের নাম প্রস্তাব করা হতে পারে বলেও জল্পনা। যদিও তা উড়িয়েছেন কাকলি নিজে। তাঁর স্পষ্ট বক্তব্য, দলের বিরুদ্ধে অসন্তোষ থাকতেই পারে। সেটা প্রকাশ্যেই জানিয়েছেন। কিন্তু যে সমস্ত কথা বলা হচ্ছে, সে বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে। এদিকে, রাজ্যসভাতেও তৃণমূলে ভাঙনের সম্ভাবনা নিয়ে জল্পনা। যার কেন্দ্রে সুখেন্দুশেখর রায়ের নাম। এ প্রসঙ্গে সুখেন্দুশেখর বলেছেন, গঙ্গায় জোয়ার এলে জল এগিয়ে যায়, আবার ভাটায় পিছিয়ে যায়। জোয়ারের জল নেমে গেলে সেখানে কাদামাটি পড়ে থাকে। ভাটার টান কখন আসবে কে বলতে পারে। এরপরেই সুখেন্দুশেখর রায়ের তাৎপর্যপূর্ণ জবাব, এখনও সিদ্ধান্ত নেন নি। তবে মানসিকভাবে দলে নেই, শারীরিকভাবে আছেন।
অন্যদিকে দলনেত্রীর পাশে থাকার স্পষ্ট বার্তা দিয়েছেন লোকসভার সাংসদ মহুয়া মৈত্র। সোশাল মিডিয়ায় তিনি বলেছেন, দলের সর্বোচ্চ নেত্রীর নেতৃত্বেই তৃণমূল এগিয়ে চলবে এবং ব্যক্তিস্বার্থে দলবিরোধী অবস্থান নেওয়া নেতাদের মানুষ উপযুক্ত জবাব দেবে। এরই মাঝে শুক্রবার এক্স হ্যান্ডেলে তাৎপর্যপূর্ণ পোস্ট কাকলির। লিখেছেন, আপনার কি মনে হয়, একটি রাজনৈতিক পরিবারের চারবারের সাংসদ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে চার দশক ধরে স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছেন, তিনি নিজের কথা ভাবেন? এটি নীতির বিরুদ্ধে রায় এবং শাসনের ব্যর্থতা।
