
বিমানের ভাঙা টুকরো মাথায় লেগে আমেরিকার রেস্তোরাঁয় জখম হয়েছেন এক প্রৌঢ়। সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এস নিউজ।
ভাইরাল ভিডিয়োটিতে দেখা গিয়েছে, রেস্তরাঁয় বসে খাবার খাচ্ছিলেন প্রৌঢ়। আচমকা পাশ থেকে ছিটকে আসে একটি ধাতব বস্তু। সোজা তাঁর মাথায় লাগে এবং টুপি খুলে পড়ে যায়। প্রৌঢ়ও বেঞ্চের উপর হেলে পড়েন। আচমকা এই ঘটনায় রেস্তরাঁর মধ্যে সকলে আতঙ্কিত হয়ে পড়েন। কী ঘটেছে, বুঝতে পারেননি অনেকেই। ভূমিকম্প হচ্ছে মনে করে কেউ কেউ টেবিলের নীচে আশ্রয়ও নেন। পরে রেস্তরাঁর লোকজন জখম প্রৌঢ়কে ধরে তোলেন এবং তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। ফিলাডেলফিয়ার ওই রেস্তরাঁর মালিক বলেছেন, যায় ঘটনায় সবাই স্তম্ভিত। কিন্তু সকলে ঠিক আছে।
জানা গিয়েছে, উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দরে মূলত বাণিজ্যিক জেট এবং চার্টার্ড বিমান ওঠানামা করে। সেখান থেকে ওড়ার পর পাঁচ কিলোমিটারের মধ্যে ভেঙে পড়েছে লিয়ারজেট ৫৫ বিমান।
