তুষারপাতে সিকিমের পরিস্থিতি আরও ভয়াবহ

0
44
ছবি সৌজন্যে : এক্স

উত্তর সিকিমে ভয়াবহ পরিস্থিতি,ধস ও তুষারপাতের জেরে লাচেনে আটকে পড়েছেন প্রায় ১ হাজার ৬০০ পর্যটক। উদ্ধারকাজে নেমেছে সেনাবাহিনী, শুরু হয়েছে বিশেষ অভিযান। এই অবস্থায় উদ্ধারকাজ শুরু করেছে সেনাবাহিনী। অভিযানের নাম দেওয়া হয়েছে,হিমসেতু।

পূর্বাঞ্চলীয় কমান্ডের ত্রিশক্তি কোর দ্রুত আটকে পড়া পর্যটকদের উদ্ধারে নামে।সেনার তরফে জানানো হয়েছে,প্রতিকূল আবহাওয়া ও প্রবল তুষারপাতের মধ্যেও বিকল্প পথ খুলে দেওয়া এবং গুরুত্বপূর্ণ গিরিপথ চালু করার চেষ্টা চলছে। বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত মাত্র ১৫০ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। আবহাওয়া এখনও অনুকূলে না থাকায় উদ্ধার অভিযান ধীরগতিতেই এগোচ্ছে। এদিকে,লাচেন উত্তর সিকিমের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। ২০২৩ সালের অক্টোবর মাসে হিমবাহের জলাধার ভেঙে ভয়াবহ বন্যার পর দীর্ঘদিন এই এলাকা পর্যটকদের জন্য বন্ধ ছিল।

চলতি বছরের ১ মার্চ থেকে ফের পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। তারপর থেকে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে। এদিকে,ডোংখা লা পাস দিয়ে একটি বিকল্প রাস্তা থাকলেও সেটি অত্যন্ত দীর্ঘ এবং দুর্গম। উল্লেখ্য,৫ এপ্রিল লাচেন ও মঙ্গনের মধ্যে সংযোগকারী সড়কে ধস নামার পর থেকেই সমস্যার সূত্রপাত। তার পর ৭ ও ৮ এপ্রিল টানা তুষারপাত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে পর্যটকদের বের করে আনা কার্যত অসম্ভব হয়ে পড়ে।