
মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে দেশে শেয়ার বাজারে পতন অব্যাহত।শুক্রবার বাজার খোলার পর চড়চড়িয়ে বাড়তে শুরু করে সেনসেক্স।
বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক একটা সময়ে ১ হাজার ২৯৫ পয়েন্ট বেড়ে ৮৩ হাজার ৩৪৭-এ পৌঁছেছিল। এরপর সেখান থেকে হু হু করে নামতে থাকে গ্রাফ। কমতে কমতে দিন শেষে ৮১ হাজার ৬৮৮.৪৫ পয়েন্টে গিয়ে থেমেছে সেনসেক্স।এদিন ৮২ হাজার ২৪৪ পয়েন্টে খুলেছিল সেনসেক্স। অর্থাৎ বিএসইর শেয়ার সূচক পড়েছে ৮০৮.৬৫ পয়েন্ট। একই ছবি দেখা গিয়েছে নিফটি ৫০-র ক্ষেত্রেও। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক একটা সময়ে ২৫ হাজার ৪৮৫ পয়েন্টে উঠেছিল। দিন শেষে ২৩৫.৫০ পয়েন্টের পড়ে যা ২৫ হাজার ১৪.৬০-এ নেমে আসে। এনএসইতে সবচেয়ে লোকসান হয়েছে এম অ্যান্ড এম, বজাজ ফিন্যান্স, নেসলে ইন্ডিয়া, হিরো মোটোকর্প ও এশিয়ার পেইন্টসের শেয়ারের লগ্নিকারীরা। অন্যদিকে, লাভের মুখ দেখেছেন ওএনজিসি, টিসিএস, টেক মাহিন্দ্রা ও এইচডিএফসি লাইফের স্টকহোল্ডাররা। সেক্টর অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি লাল জোনে শেষ করেছে। এছাড়া গাড়ি নির্মাণকারী, এফএমসিজি, আবাসন, বিদ্যুৎ, টেলিকম এবং গ্যাস ও তেল সংস্থাগুলির শেয়ারে নেমেছে ১ থেকে ২ শতাংশ।
