রাস্তা থেকে কুকুর নির্মূল করতে বলেনি সুপ্রিম কোর্ট

0
117
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

সব কুকুরকে রাস্তা থেকে তুলে দিতে হবে, এমন কোনও নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়নি। বরং নিয়ম মেনে নিয়ন্ত্রণ, টিকাকরণ ও বন্ধ্যাত্বকরণই সমস্যার একমাত্র সমাধান।

স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে এমনটাই স্পষ্ট করে দিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা এবং এনভি অঞ্জরিয়ার বেঞ্চ। এদিনের শুনানিতে কুকুরপ্রেমী, কুকুরের কামড়ে আক্রান্ত এবং প্রাণী সংগঠনের তরফের আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন। প্রাণী অধিকার সংগঠনগুলির তরফের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট সি.ইউ সিং বলেছেন, হঠাৎ এলাকা থেকে কুকুর সরিয়ে ফেললে শহরের পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। দিল্লির মতো শহরে কুকুর না থাকলে ইঁদুর ও বানরের সংখ্যা বাড়তে পারে, যেগুলির মাধ্যমেও রোগ ছড়ানোর আশঙ্কা থাকে। তাঁর পরামর্শ, সবচেয়ে কার্যকর উপায় হল নিয়ম অর্থাৎ কুকুরকে ধরেন, বন্ধ্যাত্বকরণ করেন এবং একই এলাকায় ছেড়ে দেন।

এর উত্তরে রসিকতার সুরে বিচারপতি সন্দীপ মেহতা বলেছেন, কুকুর-বিড়ালের শত্রুতা সবাই জানে। ইঁদুর দমনে তাহলে বেশি বেশি বিড়াল রাখা উচিত। তবে তিনি এও প্রশ্ন তোলেন, হাসপাতাল বা কলেজ ক্যাম্পাসে কুকুর ঢোকার বিষয়টি কীভাবে আটকানো যায়? জবাবে আইনজীবী জানান, বড় বড় ক্যাম্পাস ও খোলা সীমানা থাকলে কুকুর আসবেই, তাই নিয়মই একমাত্র কার্যকর সমাধান।