
বাংলাদেশের বেআইনি অভিবাসীদের এ দেশে বিভিন্ন ডিটেনশন সেন্টার এবং সংশোধনাগারে বছরের পর বছর ধরে আটকে রাখা হয়েছে কেন, কেন্দ্রীয় সরকারের কাছে সম্প্রতি তার জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। যেহেতু এই আটক বাংলাদেশিদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গে রয়েছেন, এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের কী করণীয়, তা-ও জানাতে বলা হয়েছে।
বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবন আগামী ৬ ফেব্রুয়ারি কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সরকারকে এ ব্যাপারে নির্দিষ্ট রিপোর্ট অথবা হলফনামা পেশ করতে নির্দেশ দিয়েছেন। আটকে থাকা বাংলাদেশিদের দুর্দশা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি আবেদন জমা পড়েছিল ২০১১ সালে। ২০১৩ সালে মামলাটি সুপ্রিম কোর্টে যায়। ৩০ জানুয়ারি শুনানিতে বিচারপতিরা বলেন, গত বারো বছরে এই মামলার কোনও অগ্রগতি হয়নি। মামলা শুরুর সময়ে আদালতে জানানো হয়েছিল, ৮৫০ জন বাংলাদেশি অনির্দিষ্ট কাল ধরে আটকে রয়েছেন। সেই সংখ্যাটা এখন কত, কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বক্তব্য, সরকার এ ক্ষেত্রে নিজেই নিজের আইন লঙ্ঘন করছে।
আদালতের পর্যবেক্ষণ, বাংলাদেশ থেকে আগত কোনও বেআইনি অভিবাসী এ দেশে আটক হলে ৩০ দিনের মধ্যে তাকে ফেরত পাঠানোর কথা। আটক অভিবাসী যদি ভিনদেশি আইন ১৯৪৬-এর ধারায় দোষী সাব্যস্ত হন এবং কারাদণ্ডে দণ্ডিত হন, তা হলেও কারাবাসের মেয়াদ শেষ হওয়ার পরেই তাঁকে ফেরত পাঠানোর কথা।








