
মরশুমে প্রথমবার কুড়ির নিচে নেমেছে কলকাতার পারদ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থকে ১ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও কমবে।
কাঁপুনি দেওয়া শীত পড়তে এখনও বাকি মাস খানেক, এমনটাই মনে করছে আবহাওয়া দফতর। উত্তর পশ্চিমের জেলাগুলিতে যদিও শীত পড়বে আরও আগে। রাজ্যের বিভিন্ন জেলায় সকাল বেলার কুয়াশার প্রাবল্য বাড়বে। ইতিমধ্যেই শীতের শুষ্ক আবহাওয়া জানান দিচ্ছে, খুব শিগগিরি পাতা ঝরার মরসুম শুরু হবে। আবহাওয়া দফতর এবার জানিয়ে দিল, এখনই আর বৃষ্টি-বাদলা হবে না । মোটের উপর শুষ্কই থাকবে কলকাতা ও অন্যান্য জেলার আবহাওয়া। আবহাওয়া দফতর সূত্রে খবর, পুরুলিয়াতে ১৪ ডিগ্রির ঘরে ছিল পারদ। আগামী দু-তিন দিনে আরো কিছুটা নামবে তাপমাত্রা।
উত্তুরে হাওয়াতে পারা পতন শুরু হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে পারদ পতনের হার একটু বেশি। সপ্তাহ শেষে শীতের আমেজ আরও জোরদার হবে দক্ষিণ বঙ্গের সব জেলাতে। তবে কাঁপুনি ধরা শীতের কোনও সম্ভাবনা এখনই নেই।
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
