
পশ্চিমি ঝঞ্ঝার কারণে এক ধাক্কায় দুই ডিগ্রি বেড়েছে কলকাতার তাপমাত্রা। পৌষ সংক্রান্তির আগে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই রাজ্যে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।
আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দু’দিনে রাতের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। তার পরের তিন দিনে তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে কালিম্পঙে। এ ছাড়া সোমবার পর্যন্ত দার্জিলিঙেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দার্জিলিঙের পার্বত্য এলাকায় হতে পারে তুষারপাত। অন্যান্য জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকলেও কুয়াশা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এই সব জেলায় কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে।








