
ডিসেম্বরের মাঝে আবার রাজ্যে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক দিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা রবিবারের নিরিখে বেশি।
তবে চলতি সপ্তাহে দক্ষিণের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। কোথাও ঘন কুয়াশারও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরেও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই ক’দিন দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে।
উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলায় শনি ও রবিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি।





