
দেদার শব্দবাজির তাণ্ডবে পুরুলিয়ার রাইকা জঙ্গল ছেড়ে ঝাড়খণ্ড সীমানাবর্তী বান্দোয়ানের কুঁচিয়া অঞ্চলে অবস্থান করছে বাঘিনি জিনতের প্রেমিক রয়্যাল বেঙ্গল টাইগার। সোমবার ভোররাতে বাঘ রাইকা ছেড়ে এই মাকড়চটা পাহাড়ে ঢুকে পড়েছে।
আর এরপরই তৎপরতার সঙ্গে বাঘকে তাড়াতে হুলা পার্টিকে সঙ্গে নিয়ে বন দফতর শব্দবাজি ফাটিয়ে ঝাড়খণ্ডের বুড়াবুড়ি পাহাড় পার করে দলমা পাহাড়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। সূত্রের খবর, ওপারে ঝাড়খণ্ডের বন দফতর হুলা পার্টিকে সঙ্গে নিয়ে বাঘকে তাদের সীমান্তে ঢুকতে না দেওয়ার জন্য তৈরী রয়েছে।
সুতরাং বাঘিনীর খোঁজে এসে বাঘ পড়েছে এখন বিপাকে। তবে,পরিবেশ দূষণকে তোয়াক্কা না করে বন দফতর যেভাবে বাঘ তাড়াতে দেদারে শব্দবাজি ফাটাচ্ছে তাতে আদপে পরিবেশের ক্ষতি হচ্ছে বলেই জানিয়েছেন পরিবেশ ও পশুপ্রেমীরা।








