
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপিছু ১১০ ডলার ছাড়ানো এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে ভারতীয় মুদ্রায়। সোমবার বাজার খুলতেই রেকর্ড পতন টাকার দামে। ডলারের তুলনায় টাকা নেমে দাঁড়াল ৯৬.২০-তে।
পরে তা আরও কমে গিয়ে ৯৬.২৫-এ পৌঁছয়, যা ভারতীয় মুদ্রার সর্বকালের সর্বনিম্ন স্তর।এর আগের সেশনে ডলারের তুলনায় টাকার মান ছিল ৯৫.৯৬। এর আগে শুক্রবারই প্রথমবার ৯৬-এর নীচে নেমেছিল মুদ্রাটি। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-মার্কিন-ইজরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এশিয়ার সবচেয়ে খারাপ পারফর্ম করা মুদ্রায় পরিণত হয়েছে ভারতীয় টাকা। এই সময়ে টাকার মান প্রায় ৫.৫ শতাংশ কমেছে। চলতি বছর শুরু থেকে মোট পতন ৭ শতাংশেরও বেশি।বাজার-সূত্রে খবর, টাকার পতন থামাতে গত শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাজারে হস্তক্ষেপ করেছিল।
সাময়িক স্বস্তি মিললেও অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির জেরে কেন্দ্রীয় ব্যাঙ্ককে ঘন ঘন বাজারে নামতে হচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞমহল। এদিকে মার্কিন ১০ বছরের ট্রেজারি ইল্ড বেড়ে হয়েছে ৪.৬২৫ শতাংশ। তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যবৃদ্ধির আশঙ্কা বাড়ায় ট্রেজারি বন্ডে বিক্রির চাপও বেড়েছে। ইউরোপ, ব্রিটেন এবং জাপানের বন্ডইল্ডও ঊর্ধ্বমুখী। বিশ্লেষকদের মতে, ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতি, হরমুজ প্রণালীর অস্থিরতা এবং জ্বালানির বিশ্বজুড়ে সরবরাহ- অনিশ্চয়তা সরাসরি চাপ ফেলছে ভারতীয় বৈদেশিক মুদ্রাবাজারে।





