
স্ত্রী, পুত্রকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।
এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মালদহের গাজোল ব্লকের শরৎপল্লী এলাকায়। রক্তাক্ত অবস্থায় গৃহবধূ মন্টি বর্মন ও তাঁর ছেলে প্রণব বর্মনকে প্রথমে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে মালদহ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ মাঝেমধ্যেই স্বামী-স্ত্রীয়ের মধ্যে গণ্ডগোল বাঁধত। তবে সোমবার অশান্তি চরমে উঠলে স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কোপাতে থাকে স্বামী, ছেলে ছুটে এলে তাকেও কোপানো হয়। তাদের দুজনের চিৎকারে এলাকাবাসীরা ছুটে এলে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত।
এদিকে ঘরের মেঝে ভেসে যায় দুজনের রক্তে। দ্রুত তাদেরকে নিয়ে স্থানীয়রাই হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় অভিযুক্ত স্বামীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।








