
সম্পর্কে অশান্তির মধ্যে রাগের বশে প্রেমিকের চোখ বেঁধে তাঁর যৌনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগে প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার ডোমজুরে।
গুরুতর অবস্থায় ওই যুবককে ভর্তি করানো হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, জখম যুবকের নাম আব্দুর রহমান। অভিযুক্তের নাম সোমাইয়া খাতুন। আব্দুর এবং সোমাইয়ার দীর্ঘ দিনের সম্পর্ক। কিন্তু সম্প্রতি দু’জনের মধ্যে বনিবনা হচ্ছিল না। তার মধ্যেই শুক্রবার রাতে প্রেমিককে নিজের বাড়িতে ডেকে পাঠান ওই তরুণী। সেই মতো হাজিরও হন আব্দুর। দু’জনে বেশ কিছু ক্ষণ কথাবার্তা বলেন। গল্প করতে করতে আব্দুরকে বাড়ির কাছে বাগানে নিয়ে যান সোমাইয়া। সেখানে একটি গাছে প্রেমিকের হাত-পা বাঁধেন। চোখ-ও বেঁধে দেন। তার পর ধারালো অস্ত্র বার করে প্রেমিকের যৌনাঙ্গে কোপ বসান তরুণী। যুবকের চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন জড়ো হন। রক্তাক্ত অবস্থায় যুবককে দেখে চমকে যান তাঁরা।
অন্যদিকে, তরুণী স্বীকার করে নিয়েছেন যে তিনি-ই কাণ্ডটি ঘটিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা সোমাইয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।








