
রামমন্দিরের ভক্তদের দানের কোটি কোটি টাকা চুরি! অখিলেশ যাদবের অভিযোগের ভিত্তিতে এবার তদন্ত শুরু করছে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার। রাম মন্দিরের প্রণামী বাক্স থেকে টাকাচুরির ঘটনায় ৩ সদস্যের সিট গঠন করেছে উত্তরপ্রদেশ সরকার।
সূত্রের খবর, ওই ঘটনায় রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে অভিযোগ পেয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে তদন্তের নির্দেশ দেন। রামমন্দিরে ভক্তদের দানের কোটি কোটি টাকা চুরি গিয়েছে! সম্প্রতি এমনই অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি সম্প্রতি দাবি করেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রামভক্তদের জন্য এটি অত্যন্ত দুঃখের খবর।
রামমন্দিরে ভক্তদের দান করা কোটি কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। এই ঘটনা মন্দির ট্রাস্টের জন্য অত্যন্ত লজ্জাজনক ও অস্বস্তিকর। কেউই সামনে এসে এই ইস্যুতে মুখ খুলতে চাইছেন না। প্রাথমিকভাবে টাকাচুরির অভিযোগ নাকচ করে দেয় ট্রাস্ট। পরে অভ্যন্তরীণ তদন্ত শেষে সন্দেহজনক লেনদেনের হদিশে পেয়েছে ট্রাস্টও। এবং ট্রাস্টের তরফেই যোগীর কাছে সিট গঠনের দাবিতে চিঠি দেওয়া হয়। ট্রাস্টের চিঠির পরই ৩ সদস্যের উচ্চস্তরীয় বিশেষ তদন্তকারী দল গড়েছে যোগী আদিত্যনাথের সরকার।
