
সকালে ছিল ২ হাজার ২০৮, আর সন্ধে গড়াতেই তা কমে দাঁড়িয়েছে ৪৮০। নির্বাচন কমিশনের রিপোর্ট চাওয়ার পরেই সংখ্যা বদল হয়ে গিয়েছে। ডিইও-রা নতুন রিপোর্ট দিয়ে জানিয়েছেন, রাজ্যের ৪৮০টি বুথে গত এক বছরে কোনও ভোটারের মৃত্যু হয়নি, কেউ স্থানান্তরিত হননি। জেলাশাসকেরা হলেন ডিইও।
তাঁদের তরফে যে তথ্য এসেছিল, তাতে দেখা গিয়েছিল, রাজ্যের ২ হাজার ২০৮টি বুথে কোনও গত এক বছরে কোনও ভোটারের মৃত্যু হয়নি, কেউ স্থানান্তরিত বা নিখোঁজ হননি, কোনও ভোটারের একাধিক জায়গায় নাম নেই। ওই সব বুথে যত ভোটার এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছিল, সেগুলি সবই পূরণ করে জমা হয়েছে।
একটি বুথে ভোটারের সংখ্যা যদি হাজার ধরা হয়, সে ক্ষেত্রে প্রশ্ন ওঠে, তবে কি রাজ্যের ওই ২ হাজার ২০৮টি বুথে গত এক বছরে কেউ মারাই যাননি? ওই তালিকায় সবচেয়ে বেশি বুথ ছিল দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সেখানকার ৭৬০টি বুথে যত এনুমারেশন ফর্ম বিলি করেছিলেন বিএলও-রা, ততগুলোই পূরণ হয়ে ফেরত এসেছে।






