
পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের কোনও অভাব হবে না দেশে। পর্যাপ্ত পরিমাণে খাদ্যদ্রব্য মজুত রয়েছে ভারতের সমস্ত প্রান্তে।
তাই এ নিয়ে কোনও রকম গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ জোশী এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানিয়েছেন। গত কয়েকদিন ধরেই যুদ্ধ বাধলে দেশে খাদ্যদ্রব্য সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব দেখা দেবে, এই ব্যাপারে গুজব ছড়িয়ে পড়েছে।
বিষয়টি নজরে আসতেই দেশবাসীকে আশ্বস্ত করেছে কেন্দ্র। মন্ত্রী জানিয়েছেন, দেশের কয়েকটি জায়াগায় গুজবের জেরে সাধারণ মানুষ খাদ্যদ্রব্য এবং নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে হুড়োহুড়ি করছে। সব জিনিসই প্রয়োজনের থেকে অনেক বেশি পরিমাণে মজুত রয়েছে দেশের সব প্রান্তে, বলে দেশবাসীকে আশস্ত করেছেন মন্ত্রী।
