
প্রবল দাবদাহ থেকে শুরু করে হাঁসফাঁস গরমে নাজেহাল অবস্থা হচ্ছে আমজনতার। এখনই এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই মিলবে না।
এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কলকাতায় ভ্যাপসা গরম আর অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থাই থাকবে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ১০ জুনের পর দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তীব্র অস্বস্তি থাকবে।
বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির আভাস দিলেও হাওয়া অফিস ভারী বৃষ্টির কোনও সম্ভাবনার কথাই বলেনি। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে চলতি সপ্তাহে।




