
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার সোনা ও রুপোর দামের ওঠাপড়া নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি উদ্বেগজনক নয়।
সেই সঙ্গে তাঁর মন্তব্য, অভ্যন্তরীণ বাজারে সোনা এবং রুপোর উচ্চ চাহিদা আদতে মরসুমি বলেই মনে হচ্ছে।ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ,আরবিআই কেন্দ্রীয় পরিচালন পর্ষদের সঙ্গে বাজেট-পরবর্তী বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, সোনা-রুপোর দামের হ্রাস-বৃদ্ধি সরকারের কড়া নজরে রয়েছে। তিনি জানিয়েছেন, ভারতীয় বাজারে আসা প্রায় সমস্ত সোনাই আমদানি করা হয়। তিনি বলেছেন, এ ক্ষেত্রে আমরা একটি আমদানি-নির্ভর দেশ। প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে, তবে চাহিদা মেটাতে তা পর্যাপ্ত নয়।সোনার দামের সাম্প্রতিক ওঠা-পড়া প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ব্যাখ্যা, আরবিআইও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আজ বেশির ভাগ দেশ, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি, সোনা ও রুপো কিনছে।
কেন্দ্রীয় ব্যাঙ্কের ক্রয়ের কারণেই মূলত আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দাম বাড়ছে এবং কমছে। প্রসঙ্গত, চলতি মাসের প্রথম দিনে কেন্দ্রীয় বাজেট পেশের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছিলেন,সোনা ও রুপোর আমদানি শুল্ক ৫ শতাংশ কমানোর ফলে দাম উল্লেখযোগ্য ভাবে কমেছে। প্রাথমিক ভাবে এমনটা দেখা গেলেও পরে দাম ফের ঊর্ধ্বগামী হয়।
