
ভরতপুরের তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাসের মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট।
উল্টে রাজ্যকে আইনশৃঙ্খলা রক্ষার নির্দেশ দিয়েছে আদালত। হুমায়ুন কবিরের মসজিদ নির্মাণের প্রস্তাব সংবিধানবিরোধী বলে অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল।মসজিদের শিলান্যাস নিয়ে মামলাকারীর পক্ষে সওয়ালে আইনজীবা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন এই ধরণের কর্মসূচিতে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। শান্তি বিঘ্নিত হতে পারে। কেন্দ্রের তরফেও জানানো হয়েছে এলাকাটি সংবেদনশীল। অশান্তির জন্য ১৯ কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে। আদালত জানায় নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে রাজ্যকে সহায়তা করবে কেন্দ্র। এরপরেই হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে এক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করবে না।
ফলে হুমায়ুন কবিরের মসজিদের শিলান্যাসে আপাতত কোনও বাধা নেই। তবে বিষয়টিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় তা পুলিশকে নিশ্চিত করতে হবে।
