
পাকিস্তানের সঙ্গে ভারতের আলোচনা শুরু করার প্রশ্নই ওঠে না। কোনও সুযোগই নেই। জম্মু-কাশ্মীরে একের পর এক জায়গায় এবং নিরাপত্তারক্ষীদের উপর জঙ্গি হামলা প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
গতবছর পর্যন্ত পাকিস্তানের সঙ্গে আলোচনার পক্ষে সওয়াল করলেও এবার ওমর আবদুল্লা ইসলামাবাদের দিকে অনধিকার চর্চার অভিযোগ তুললেন। তিনি বলেছেন, তাঁর রাজ্য নিয়ে অনাবশ্যক নাক গলাতে চাইছে ওরা। আবদুল্লা আরও বলেছেন, জম্মু-কাশ্মীরের বিষয়ে মাথা ঘামানো কোনওদিন বন্ধ করেনি পাকিস্তান। বাইরের কোনও সহায়তা ছাড়াই জম্মু-কাশ্মীর নিখুঁতভাবে নিজের ভার নিজে সামলাতে পারে। এই অবস্থায় গত কয়েক বছর ধরে যেভাবে একের পর এক জঙ্গি হামলা চলছে, তাতে পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরুর কোনও সম্ভাবনাই থাকতে পারে না।
এনসি-র সহ সভাপতি আবদুল্লা আরও বলেছেন, পাকিস্তানকে রাস্তায় আনতে ভারত সরকার তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ কিছু কাজের সম্পর্ক গড়ে তুলতে পারে।
