
আগামী কয়েক দিন উত্তর বা দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া মোটের উপর শুকনোই থাকবে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছিল।
তার জেরে তাপমাত্রাও বেশ খানিকটা বেড়ে গিয়েছিল গত কয়েক দিনে। এখনও তা স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের অন্য শহরগুলিতেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। আগামী চার দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনাও নেই। ফলে বড়দিনেও শীতের চেনা আমেজ উপভোগ করা যাবে না বলেই মনে হচ্ছে।
দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কোচবিহার এবং জলপাইগুড়িতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।






