
ভারত-আমেরিকার মতো গুরুত্বপূর্ণ অর্থনীতির মধ্যে সবটাই আসলে দেওয়া-নেওয়া। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপানো নিয়ে মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
সম্প্রতি আমেরিকার সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত-সহ ব্রিকস অন্তর্ভুক্ত দেশগুলিকে হুঁশিয়ারি দিয়েছেন, আমেরিকান ডলারের বদলে অন্য মুদ্রা ব্যবহার করলে শুল্ক চাপানো হবে। এই ইস্যুতে সিআইআই পার্টনারশিপ সামিটে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, দুই বৃহৎ অর্থনীতির মধ্যে সব সময়ই থাকে দেওয়া ও নেওয়া। যদি অর্থনৈতিক ও প্রযুক্তির দিকে দেখলে বুঝতে পারবেন, সাম্প্রতিক বছরগুলিতে পারস্পরিক বিশ্বাস ও ভরসা দুই-ই বেড়েছে। সেই সঙ্গেই তাঁর বক্তব্য, ভারতের বিষয়ে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারেন, সময়ের সঙ্গে সঙ্গে আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়েছে।
এর আগে বিদেশমন্ত্রী বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচনের পর আমেরিকার বর্তমান অবস্থা দেখে অনেক দেশই খুব উদ্বিগ্ন। তবে ভারত মোটেই চিন্তিত নয়। সেই আত্মবিশ্বাস এদিনও দেখা গিয়েছে তাঁর কথায়।
