
ভোটার তালিকা থেকে বাংলার একজনেরও নাম বাদ গেলে, এক লাখ বাঙালিকে নিয়ে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভায় তৃণমূলের দলনেতা প্রশ্ন তুলেছেন ভোটার তালিকা সংশোধন করতে ২ বছর সময় লাগে, সেটা এক-দু’মাসে হবে কি করে। ২০০২-এ যে শেষ এসআইআর হয়েছিল সেই সংশোধিত তালিকা বেরিয়েছিল ২০০৪-এ।
অর্থাৎ ২ বছর পর। কিন্তু বিহারে কিভাবে একমাসে সেটা সম্ভব হল। বিজেপিকে আক্রমণ করে তিনি আরও বলেছেন এখন বলা হচ্ছে ভোটার লিস্টে গরমিল রয়েছে। তাহলে এই ভোটার লিস্টের ভিত্তিতেই তো ২০২৪-এ কেন্দ্রে সরকার নির্বাচিত হয়েছে। তাহলে তো সেই সরকার অবৈধ। এই নির্বাচিত সাংসদদের ভোটেই তো রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
তাহলে তারাও তো অবৈধ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি ২০১৪-য় বিজেপি ক্ষমতায় আসার পর থেকে এরাজ্যে প্রত্যেকবার বিজেপি হেরেছে। তাই মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কৌশল হচ্ছে এসআইআর। তাই এসআইআর-র নামে চুপিচুপি কারচুপি করতে দেওয়া হবে না।
