
কূটনৈতিক স্তরে আলোচনার সময় শেষ,কাবুলের হাসপাতালে ৪০০ নিরীহ নাগরিকের মৃত্যুর বদলা নেওয়ার হুমকি দিয়েছে আফগানিস্তান। প্রসঙ্গত,সোমবার রাতে কাবুলের এক হাসপাতালকে নিশানা বানায় পাকিস্তানের বায়ুসেনা।
একের পর এক বোমাবর্ষণে হাসপাতালের ৪০০ রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি তালিবান প্রশাসনের। আহতের সংখ্যা আড়াইশোরও বেশি। আফগানিস্তান এই হামলাকে গণহত্যা বলে দাবি করে পাকিস্তানের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর হুঁশিয়ারি দিয়েছে। আফগান সরকারের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ বলেছেন,পাকিস্তানের সঙ্গে আলোচনার আর কোনও প্রশ্নই ওঠে না।
যে ভাবে নিরীহ নাগরিকদের উপর হামলা চালানো হচ্ছে, তা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। হাসপাতালেও হামলা চালাল। ৪০০ জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর বদলা নেওয়া হবেই। উল্লেখ্য দিনকয়েক আগেই আফগান প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন,যদি কাবুলে হামলা হয়, তা হলে ইসলামাবাদকে নিশানা বানানো হবে। তারপর পরই ইসলামাবাদ, কোয়েটা এবং রাওয়ালপিন্ডিতে পাক সেনাঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় তালিবান। তারা দাবি করে, পাকিস্তানের গুরুত্বপূর্ণ নূর খান বায়ুসেনাঘাঁটিতে হামলা চালানো হয়েছে।








