
পলাতক নীরব মোদীর ভারতে প্রত্যর্পণের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। এবার মানবাধিকার সংক্রান্ত ইউরোপীয় আদালত,ইসিএইচআর-এও ধাক্কা খেয়েছেন তিনি। হাতে পাওয়া নথিপত্রের ভিত্তিতে রিপোর্ট অনুযায়ী, প্রত্যর্পণ এড়ানোর জন্য এটিই ছিল তাঁর কাছে শেষ আইনি পথ।
সেটিও এখন বন্ধ হয়ে গিয়েছে। সূত্রের দাবি, পলাতক হিরে ব্যবসায়ী নীরবের ভারতে প্রত্যর্পণ বর্তমানে শুধু সময়ের অপেক্ষা। উল্লেখ্য,গুজরাতের হিরে ব্যবসায়ী নীরব মোদী পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে কোটি কোটি টাকার ঋণখেলাপের মামলায় অভিযুক্ত। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে প্রতারণা এবং জালিয়াতির মামলাও রয়েছে। ২০১৮ সালে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। তদন্ত শুরু হওয়ার পরেই দেশ ছেড়ে পালান তিনি। ২০১৯ সালে ব্রিটেনে গ্রেফতার করা হয় নীরবকে। সেই থেকে তিনি বন্দি রয়েছেন লন্ডনের এক জেলে।
ইডি এবং সিবিআই, দুই তদন্তকারী সংস্থারই ওয়ান্টেড তালিকায় রয়েছেন নীরব মোদী। তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারব্যবস্থার মুখোমুখি করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে ভারত। তবে আইনি সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে এতদিন সেই প্রত্যর্পণ এড়িয়ে যাচ্ছেন পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদী। প্রত্যর্পণের বিরুদ্ধে এর আগে ব্রিটেনের হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নীরব। কিন্তু গত মার্চে সেই আর্জি খারিজ হয়ে যায়। তখন ব্রিটেনের কর্তৃপক্ষও নীরব মোদীকে ভারতে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে শুরু করে। সেই সময়েই এপ্রিলে ইসিএইচআর-এর দ্বারস্থ হন নীরব মোদী।
