
ইংলিশ প্রিমিয়ার লিগ বছরের পর বছর মাতিয়েছেন অসংখ্য ব্রাজিলিয়ান তারকা। তবু এতদিন লিগটির ইতিহাসে কোনো ব্রাজিলিয়ান ফুটবলার দু’বার মাসসেরা হওয়ার কীর্তি গড়তে পারেননি।
রবার্তো ফিরমিনো, ফার্নান্দিনহো কিংবা ফিলিপে কৌতিনহো,এমন তারকারাও যেখানে ব্যর্থ হয়েছেন, সেখানেই নতুন ইতিহাস লিখলেন ইগর থিয়াগো।ব্রেন্টফোর্ড–এর এই ফরোয়ার্ড দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো মাসসেরার পুরস্কার জিতে নিলেন। এর মাধ্যমে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে দু’বার মাসসেরা হওয়ার অনন্য কীর্তি গড়লেন ইগর।একদিন আগে,বেন্টফোর্ডের সঙ্গে সাড়ে পাঁচ বছরের চুক্তি রিনিউ করেন ইগর থিয়াগো।এই সুখবর দ্বিগুণ করে জানুয়ারি মাসের সেরা নির্বাচিত হন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড।এর আগে গত বছরের নভেম্বরে মাসের সেরা ফুটবলারের পুরষ্কার জিতেছিলেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ানদের মধ্যে একবার মাসসেরা হয়েছেন ডেভিড লুইজ, জুনিনহো পাউলিস্টা, রদ্রিগো মুনিজ, এডু ও লুকাস মাউরা। তাতে একমাত্র ফুটবলার হিসেবে একাধিকবার এই স্বীকৃতি পাওয়া ব্রাজিলিয়ান ফুটবলার হওয়ার মর্যাদা পেলেন থিয়াগো।
উল্লেখ্য গত মাসে পাঁচটি গোল করেন থিয়াগো। এভার্টনের বিপক্ষে হ্যাটট্রিকের পর সান্ডারল্যান্ডের বিপক্ষে করেন জোড়া গোল। প্রিমিয়ার লিগে চলতি সিজনে গোল্ডেন বুট জয়ের দৌড়ে আর্লিং হলান্ডের সঙ্গে জোর লড়াইয়ে আছেন থিয়াগো। ম্যান সিটির নরওয়েজিয়ান ফরোয়ার্ডের ২২ গোলের বিপরীতে থিয়াগোর গোল সংখ্যা ১৭।ব্রেন্টফোর্ডের হয়েও ইতিহাসে নাম লিখিয়েছেন থিয়াগো। এর আগে লিগে ক্লাবটির কোনো ফুটবলারই মাসসেরা হতে পারেনি।







