
দীপাবলির পরে মাত্রাতিরিক্ত দূষণ বৃদ্ধির জন্য সাদা ফেনায় ঢেকে গিয়েছে যমুনা। যদিও ছটপুজোর আগে যমুনার এই হাল দেখে চিন্তিত প্রশাসন। ফেনা সরাতে স্প্রে করা হচ্ছে রাসায়নিক ডিফোমার।
গত সপ্তাহ থেকেই যমুনায় রাসায়নিক পদ্ধতিতে ফেনা সরানোর কাজে নেমে পড়েছে প্রশাসন। নদী পরিষ্কারের জন্য একটি পৃথক দলও গঠন করেছে দিল্লি জল বোর্ড। রবিবার এয়ার কোয়ালিটি ইনডেক্সে ৪০০-র মাত্রা ছাড়িয়েছে । যা অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে । দিল্লির বিস্তির্ণ এলাকায় সাদা ধোঁয়াশা দেখতে পাওয়া গিয়েছে । দিল্লির অক্ষরধাম এবং আনন্দ বিহারে বাতাসের গুণগত মান ছিল ৫৩২। যা খুব খারাপ পর্যায়ের মধ্যে পড়ে। আলিপুরে ওই একই সময়ে একিউআই ছিল ৩১৮। পঞ্জাবি বাগের কাছে একিউআই ছিল ৩৮১। দীপাবলি পেরোতেই বাতাসের গুণগত মান চড়চড় করে নামতে শুরু করেছে।
সেই আবহেই প্রকাশ্যে এল যমুনার জলে ফেনা ভেসে বেড়ানোর ছবি।
