
জার্মান ফুটবলের সঙ্গে যান্ত্রিকতার সম্পর্ক পুরোনো। হান্সি ফ্লিক নিজেও ছিলেন সেরকমই। আবেগের প্রকাশ আগে খুব একটা দেখা যায়নি জার্মান এই কোচের কথায় বা শরীরী ভাষায়।
সেই তিনিই এখন অন্যরকম। আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পেরে লাল কার্ডও দেখলেন। তার নিজেরই উপলব্ধি, বার্সেলোনায় আসার পর নিজেকে নতুন করে চিনছেন তিনি। লা লিগায় জিরোনার বিপক্ষে নাটকীয় জয়ের ম্যাচে শেষ সময়ে লাল কার্ড দেখানো হয় ফ্লিককে।রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানানোয় সেই কার্ড দেখানো হয় তাকে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে তাই বার্সেলোনার ডাগআউটে থাকতে পারবেন না কোচ।চ্যাম্পিয়ন্স লিগে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্লিক মেনে নিয়েছেন, নিজেকে সামলাতে পারেননি তিনি। বার্সেলোনায় আসার পর আবেগের জোয়ারে হাবুডুব খাচ্ছেন বলে জানালেন অকপটেই।আবেগের এমন প্রকাশ অবশ্য দেখাতে চান না ফ্লিক।
৬০ বছর বয়সী কোচের উপলব্ধি, আরও সংযত হতে হবে তাকে।এদিকে ফ্লিকের লাল কার্ডের বিরুদ্ধে আপিল করেছে বার্সেলোনা। সেটির ফলাফল এখনও জানা যায়নি। ফ্লিকের অবশ্য দাবি, লাল কার্ড পাওয়ার মতো তেমন কিছু তিনি করেননি। তবে সিদ্ধান্ত মানতেও তার আপত্তি নেই।








