
উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের দাবি,মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবং উদ্ধব ঠাকরের শিব সেনার পর এবার পালা অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির।রাজভরের দাবি, সমাজবাদী পার্টিতে ভাঙন ১০০ শতাংশ নিশ্চিত।
আর এই কাজে বিজেপির হাতিয়ার হচ্ছেন অভিষেকেরই কাকা রামগোপাল যাদব। মুলায়ম সিং যাদবের তুতো ভাই নাকি অমিত শাহ-কে সাংসদদের একটি তালিকা দিয়ে এসেছেন।সেই সঙ্গে শর্ত দিয়েছেন, যদি এদের কোনও ক্ষতি না হয়, তাহলে এই সাংসদরা সবাই বিজেপিতে যোগ দিতে আপত্তি নেই। রাজভর বলছেন, তিনি দেখেছেন কীভাবে রামগোপাল যাদব অমিত শাহকে তালিকা দিয়েছেন। দু’জনের মুখে হাসি দেখেছেন। হয়তো তাঁরা প্রকাশ্যে কথা বলেন না। কিন্তু মনের মিল থাকলে কথা ঠিক হয়েই যায়।যদিও রামগোপাল যাদব নিজে ওই জল্পনায় জল ঢেলে দিয়েছেন। তাঁর বক্তব্য, ওমপ্রকাশের কথা গোটা দেশে কেউই গুরুত্ব দিয়ে দেখে না। তিনি এই ধরনের কোনও তালিকা অমিত শাহকে দেন নি। একইসঙ্গে রামগোপালের সাফ কথা,সমাজবাদী পার্টিতে ভাঙনের কোনও সম্ভাবনা নেই। উল্লেখ্য,শোনা যাচ্ছে, মহিলা সংরক্ষণ আইন, আসন পুনর্বিন্যাস আইন, এক দেশ এক ভোট আইন-পর পর একাধিক বড় বড় বিল লোকসভায় পেশ করতে চলেছে বিজেপি। কিন্তু এই বিলগুলি পাশ করাতে লোকসভায় দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থন দরকার। এই মুহূর্তে এনডিএ ওই ম্যাজিক ফিগারে’র থেকে অনেকটাই দূরে। সম্ভবত সেকারণেই বেছে বেছে বিরোধী দলগুলিকে দুর্বল করার চেষ্টা করছে বিজেপি।
এদিকে,সমাজবাদী পার্টিতে ভাঙনের গুঞ্জন নিয়ে এ বার মুখ খুলেছেন অখিলেশ যাদব। তাঁর দাবি, দল এখনও মজবুতই রয়েছে। একই সঙ্গে এ-ও বলেছেন, যো ডর জায়েগা, ওহ ভাগ জায়েগা অর্থাৎ কেউ ভয় পেলে তিনি পালিয়ে যাবেন।







