
ড্রোন হামলা প্রতিহত করতে এ বার ভারতেই তৈরি হল,ভার্গবাস্ত্র।সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র সফল ভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে।
এই ক্ষেপণাস্ত্রগুলি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ভারত-পাক সংঘাতের আবহে পাকিস্তান থেকে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল। তার বেশির ভাগই প্রতিহত করেছে ভারত। এই অবস্থায় ওড়িশার গোপালপুর উপকূলে দেশীয় মাইক্রো মিসাইলগুলি পরীক্ষা করা হয় এবং সেগুলি প্রতিটি মাপকাঠিতেই সফল হয়েছে বলে খবর।ড্রোন ধ্বংসকারী ছোট মাপের এই ক্ষেপণাস্ত্রগুলি তৈরি করেছে ,সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড বা, এসডিএল। নির্মাতা সংস্থা সোলার গ্রুপ জানিয়েছে, মাইক্রো মিসাইলের উপর ভিত্তি করে এই ড্রোন ধ্বংসকারী ব্যবস্থাটি তৈরি করা হয়েছে। আগামী দিনে ড্রোন হানার মোকাবিলা করতে এই প্রতিরক্ষা ব্যবস্থা অনেকাংশে সাহায্য করবে। প্রায় আড়াই কিলোমিটার দূর পর্যন্ত সন্দেহজনক ড্রোনের গতিবিধি শনাক্ত করার ক্ষমতা রয়েছে ,ভার্গবাস্ত্রের। যে কোনও ছোট মাপের ড্রোন শনাক্ত করে সেগুলি ধ্বংস করার ক্ষমতা রয়েছে এগুলির।
ওড়িশার গোপালপুর উপকূলে ভারতীয় সেনার আকাশ প্রতিরক্ষা বিভাগের কর্তাদের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্রগুলির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।






