
এবার থেকে সীমান্তে একই কমান্ডারের নেতৃত্বে একসঙ্গে কাজ করবে ভারতীয় সেনার স্থল, নৌ এবং বিমানবাহিনী। ২৭ মে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহে সবচেয়ে সক্রিয় ছিল ভারতীয় সেনার পশ্চিম এবং উত্তর কমান্ড। সরকারি সূত্রে খবর, শুরুতে ওই দুই কমান্ডেই নতুন নিয়ম কার্যকর করা হবে। বাকি সীমান্তগুলিতে চালু হবে পরে। এতদিন সীমান্তে কোনওরকম সংঘাতের আবহে আলাদাভাবেই কাজ করত ভারতীয় সেনার তিন বাহিনী।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি জারি করে জানিয়েছে, ভারতীয় সেনার তিন বাহিনী যাতে যৌথভাবে দ্রুত কাজ করতে পারে, সেই লক্ষ্যেই নয়া নিয়ম। সীমান্তে তিন বাহিনী একসঙ্গে কাজ করলেও তারা যে ভিন্ন ভিন্ন নিয়ম মেনে চলে, তাতে কোনও বদল হবে না।
