
ভোটার তালিকা সংশোধন নিয়ে আর কোনও ঢিলেমি নয়—সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা ও সংলগ্ন জেলার বুথ লেভেল এজেন্ট এবং বিএলএ-২ দের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট করে বলেছেন, এবার পিকনিক-ফিকনিক হবে না।
পিকনিক একেবারে ২০২৬-এর জয়ের পর হবে। তৃণমূলনেত্রী মমতা-র বার্তা স্পষ্ট, ভোটার তালিকার চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ১৪ ফেব্রুয়ারি। তার আগে নাওয়া-খাওয়া ভুলে কাজ করতে হবে। কোন কোন বৈধ ভোটারের নাম তালিকায় ওঠেনি, তার বিস্তারিত খোঁজ নিতে হবে বুথ স্তরেই।
প্রয়োজনে বাড়ি-বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের নির্দেশও দেন তিনি। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, ভোটার তালিকায় একটিও বৈধ নাম যেন বাদ না পড়ে। সেই সঙ্গে বিএলএ ও বিএলএ-২ দের আরও সক্রিয় ও সতর্ক হওয়ার বার্তা দেন তিনি।
