
আমেরিকার প্রথম অঙ্গরাজ্য হিসেবে ডেটা সেন্টার নির্মাণের ওপর আইনি নিষেধাজ্ঞা জারি করছে মেইন। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা,এআই ক্ষেত্রের দ্রুত প্রসারে প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের ফলে স্থানীয় পরিবেশ ও বিদ্যুৎ সরবরাহের ওপর যে চাপ সৃষ্টি হচ্ছে, তা নিয়ন্ত্রণে নিতেই এ কঠোর পদক্ষেপ।ডেমোক্র্যাটিক স্টেট প্রতিনিধি মেলানি স্যাকস সম্প্রতি এ বিষয়ে একটি বিল উত্থাপন করেন।
বিলটি মূলত দলীয় ভোটের ভিত্তিতে পাস হয়েছে, তবে কিছু রিপাবলিকান সদস্যও এতে সমর্থন দিয়েছেন। এখন গভর্নরের স্বাক্ষরের মাধ্যমে এটি আইনে পরিণত হবে।উল্লেখ্য, এক বছরেরও কম সময় আগে মিসৌরির সেন্ট চার্লস শহর আমেরিকায় প্রথম ডেটা সেন্টার নির্মাণের ওপর স্থগিতাদেশ জারি করেছিল,যা পরবর্তী সময়ে দেশটির কিছু স্থানীয় কর্তৃপক্ষ অনুসরণ করে। তবে রাজ্য পর্যায়ে মেইনই প্রথম এ পথে হাঁটল।মেইন অঙ্গরাজ্যের নতুন আইন অনুযায়ী,২০২৭ সালের শেষ নাগাদ অন্তত ২০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহারকারী কোনো ডেটা সেন্টার নির্মাণ করা যাবে না। এ সময়ের মধ্যে এসব প্রকল্পের পরিবেশগত ও অর্থনৈতিক প্রভাবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করা হবে।
এদিকে বিদ্যুৎ খরচ এবং পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কায় জর্জিয়া, ওকলাহোমা ও ভার্জিনিয়ার মতো অঙ্গরাজ্যগুলোও বর্তমানে একই ধরনের অস্থায়ী নিষেধাজ্ঞার প্রস্তাব বিবেচনা করছে।গবেষণা প্রতিষ্ঠান ডেটা সেন্টার ওয়াচের তথ্যানুযায়ী, স্থানীয় বিরোধিতার কারণে গত এক বছরে প্রায় ১৫ হাজার ৬০০ কোটি ডলার বিনিয়োগের অনেক ডেটা সেন্টার প্রকল্প জটিলতার মুখে পড়েছে।









