
দ্রুত ও আরও বিস্তৃত পরিসরে ইন্টারনেট পৌঁছে দিতে বিভিন্ন প্রযুক্তি কোম্পানির মধ্যে যে তীব্র প্রতিযোগিতা চলছে তা মহাবিশ্ব নিয়ে গবেষণাকে দিন দিন কঠিন করে তুলেছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।পৃথিবীর যেসব অঞ্চলে সাধারণভাবে ইন্টারনেট পরিষেবা পাওয়া যায় না সেখানে দ্রুত ইন্টারনেট সরবরাহের লক্ষ্যে স্টারলিংক স্যাটেলাইট তৈরি করেছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স।
এজন্য গত কয়েক বছরে পৃথিবীর কক্ষপথে হাজার হাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কোম্পানিটি, যাতে পুরো পৃথিবীকে ইন্টারনেট সংকেতে ঢেকে ফেলা যায়। গবেষকরা বলছেন, রেডিও জ্যোতির্বিজ্ঞানের কাজে বাধা তৈরি করছে এসব স্যাটেলাইট। ফলে মহাকাশ পর্যবেক্ষণে জ্যোতির্বিজ্ঞানীরা সমস্যায় পড়ছেন বলে দাবি করা হচ্ছে।
এসব স্যাটেলাইট থেকে অনিচ্ছাকৃতভাবে কিছু সংকেত বেরিয়ে আসে, যা মহাবিশ্ব দেখার জন্য বিজ্ঞানীরা যে ক্ষীণ বিভিন্ন রেডিও তরঙ্গ ব্যবহার করেন সেগুলোকে ঢেকে ফেলে।নতুন এ গবেষণাটিতে স্পেসএক্সের স্টারলিংক প্রকল্পের ওপর নজর দিয়েছেন,কার্টিন ইউনিভার্সিটি’র গবেষকরা।কারণ কক্ষপথে সবচেয়ে বেশি স্যাটেলাইট তাদেরই। তবে স্যাটেলাইটের মাধ্যমে দ্রুত ও বড় পরিসরে ইন্টারনেট সরবরাহের পরিকল্পনা করছে এমন আরও অনেক কোম্পানির ওপরও নজর দিয়েছেন তারা।
