
বোমা মেরে পুরীর জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই হুমকি দেওয়া হয়েছে হয়েছে বলে খবর। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পুরীর মন্দির চত্বর।
চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ, বম্ব স্কোয়াড। প্রাথমিক তদন্তের ভিত্তিতে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুরো ঘটনার উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার সামনে আসে ওই ফেসবুক পোস্টটি ৷ যেখানে রাজ্যসভার বিজেডি সাংসদ শুভাশিস খুন্তিয়ার উপর হামলা চালানোর পাশাপাশি পুরীর একটি শপিং মলেও হামলা চালানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে।ওই আধিকারিক আরও জানান, যে মহিলার অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছিল, তিনি এসবের মধ্যে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ৷
একই সঙ্গে তিনি এও দাবি করেছেন যে, কোনও অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি তাঁর নাম ব্যবহার করে একটি ভুয়ো ইউজার আইডি তৈরি করে হুমকি দিয়েছে ৷








