
বোমা বিস্ফোরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি। এমন হুমকি ইমেল পেয়েছেন পাঞ্জাবের নিরাপত্তা সংস্থাগুলি।
খতম তালিকায় রয়েছে বিদেশমন্ত্রী এস জয়শংকর, পাঞ্জাব এবং হরিয়ানার মুখ্যমন্ত্রীরাও। ২৪ এপ্রিল, শুক্রবার দুই রাজ্যের রেললাইনে বোমা বিস্ফোরণে হাজার হাজার মানুষকে খুন করা হবে বলেও দাবি করা হয়েছে। এছাড়াও হামলা চালানো হবে লুধিয়ানা, অমৃতসর, ভাটিন্ডা এবং ফিরোজপুরে! হাই অ্য়ালার্ট জারি করেছে দুই রাজ্যের পুলিশ। সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাবে বরাবর সক্রিয় পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। মাদক থেকে অস্ত্রপাচার, চরবৃত্তির অভিযোগ গ্রেফতারি লেগেই থাকে।
গত এক বছরে একাধিকবার পাঞ্জাব সীমান্তে পাকিস্তানি ড্রোন গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা। এই অবস্থায় হুমকি ইমেলটিকে হালকা ভাবে নিচ্ছে না পাঞ্জাব ও হরিয়ানা দুই রাজ্যের পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলি।








