
মাওবাদীদের নাম করে তৃনমূলের বুথ সভাপতি দ্বিজপদ মিশ্রকে হুমকি চিঠি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বাঁকুড়ায়। চিঠিতে ৪ অগাস্ট-র মধ্যে পঞ্চাশ হাজার টাকা পৌঁছে দেওয়ার দাবি জানানো হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, সোমবার সাদা কাগজের উপর লাল কালীতে লেখা ওই চিঠি পান বাঁকুড়ার খাতড়া ব্লকের মুকুন্দপুর গ্রামের তৃনমূলের বুথ সভাপতি দ্বিজপদ মিশ্র। চিঠিতে ৪ অগাস্ট-র মধ্যে ৫০ হাজার টাকা পৌঁছে দেওয়ার দাবি করা হয়েছে। অন্যথায় দুই নাতিকে তুলে নিয়ে যাওয়া এবং বুথ সভাপতিকে গুলি করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাঁর দাবি রবিবার রাতে তিনি যখন নিজের বাড়িতে শুয়েছিলেন সেই সময় ঘরের বন্ধ দরজার ফাঁক দিয়ে সাদা কাগজে লেখা চিঠি গলিয়ে ঘরের মধ্যে ফেলা হয়। সোমবার সকালে ঘুম থেকে উঠে সেই চিঠি দেখতে পান বন দফতরের প্রাক্তন কর্মী তথা তৃনমূলের স্থানীয় বুথ সভাপতি দ্বিজপদ মিশ্র। চিঠিতে চালাকি করা বা পুলিশকে জানাতে নিষেধ করা হয়েছে।
চিঠির একেবারে নিচের অংশে লেখা রয়েছে ইতি মাওবাদী। প্রাথমিকভাবে পুলিশের অনুমান স্থানীয় কেউ এই কাজ করে থাকতে পারে। এর সঙ্গে মাওবাদীদের কোনো যোগ নেই।
