
খাদে গাড়ি পড়ে গিয়ে কার্শিয়ংয়ের সিটংয়ে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় হয়েছে পঞ্চায়েত সদস্য সহ তিন জনের৷ স্থানীয় সূত্রে খবর রবিবার রাতে কার্শিয়ং থেকে সিটং ফেরার পথে খাদে পড়ে যায় একটি গাড়ি৷ জানা গিয়েছে, মৃত তিনজনের নাম বিগেন ভুজেল, রুপেন খাওয়াশ এবং রমেশ গুরুং৷
মৃত বিগেন ভুজেল স্থানীয় পঞ্চায়েত সদস্য৷ তিনি বিজিপিএম দলের সদস্য ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়ি চালক৷ রবিবার রাতে গাড়িটি খাদে পড়ে গেলেও সোমবার সকালেই দুর্ঘটনার কথা জানতে পারেন স্থানীয়রা৷ এরপরই শুরু হয় উদ্ধারকাজ৷ দুর্ঘটনার জেরে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় গাড়িটি৷ তবে তিন যাত্রীর মৃত্যু হলেও গুরুতর আহত অবস্থায় গাড়ি চালককে উদ্ধার করা সম্ভব হয়েছে৷
তাঁকে শিলিগুড়ির হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে৷ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷









