
বারুইপুরে গণপিটুনিতে নিহত যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগের রাতেই এই ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে একই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল। সব মিলিয়ে এই মামলায় এখনও পর্যন্ত মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার বারুইপুরের সূর্যপুরে একটি পুকুর থেকে উদ্ধার করা হয় ১২ বছরের বালিকার দেহ। তাকে গণধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ। দেহ উদ্ধারের পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। অভিযোগ, সন্দেহের বশে ইন্দ্রজিৎকে মারধর করা হয়। তাতে তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন, গণপিটুনিতে নিহত যুবক নির্দোষ ছিলেন। তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন শুভেন্দু। বারুইপুরের ঘটনায় একাধিক পৃথক মামলা হয়েছে। গণপিটুনির মামলায় এর আগে দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ।
শুক্রবার রাতে আরও তিন অভিযুক্ত ধরা পড়েছেন। এ ছাড়া, ঘটনার দিন পুলিশকে আক্রমণ, রেল অবরোধের মতো মামলায় অনেকে গ্রেফতার হয়েছেন।
