
প্রবল বর্ষণে নদীতে ভেসে গেল প্রায় তিন হাজার এলপিজি সিলিন্ডার। ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের রায়গড় জেলায়। খবর, ভারী বৃষ্টির কারণে এইচপিসিএল-এর পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্ট প্লাবিত হওয়ায় প্রায় ৩০০০ এলপিজি সিলিন্ডার ভেসে পাতালগঙ্গা নদীতে চলে গিয়েছে।
পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে দেশ জুড়ে রান্নার গ্যাসের আকাল দেখা দিয়েছিল। সেই আবহে প্রবল বর্ষায় নদীতে ভেসে গেল খালি-ভর্তি মিলিয়ে প্রায় তিন হাজার এলপিজি সিলিন্ডার। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ।
প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে, ভেসে আসা কোনও সিলিন্ডার যেন তারা তুলে না নেন বা বাড়িতে না নিয়ে যান। সিলিন্ডারগুলির ভিতরে গ্যাস আছে কি না কিংবা সেগুলি নিরাপদ অবস্থায় আছে কি না তার কোনও নিশ্চয়তা নেই। কৌতূহলবশত বা ব্যবহারের উদ্দেশ্যে সেগুলি তুলে নেওয়া, খোলার চেষ্টা করা কিংবা বাড়িতে নিয়ে যাওয়া অত্যন্ত বিপজ্জনক হতে পারে। বাসিন্দাদের কোনও ঝুঁকি না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। নদী বা তার আশেপাশে কোনও এলপিজি সিলিন্ডার দেখতে পেলে অবিলম্বে প্রশাসনকে জানানোর অনুরোধ করা হয়েছে।








