
কয়েকদিন রোদের মুখ দেখেছিল দক্ষিণবঙ্গ। তবে আবহাওয়া দফতরের নতুন যা পূর্বাভাস তাতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফের বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই। সঙ্গে প্রবল বজ্রপাতের আশঙ্কাও থাকছে।
আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগর থেকে বয়ে আসা গরম পূবালী হাওয়ার সঙ্গে দেশের পশ্চিম অঞ্চল থেকে আসা শীতল হাওয়ার সংঘাতের ফলেই এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ফলে সোমবার রাত থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বুধবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। উত্তরবঙ্গেসোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। দু’-একটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে উত্তরে। উপরের পাঁচ জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। তবে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি হতে পারে।








