
শনিবার শহরে বৃষ্টির সম্ভাবনা কম। তবে বৃষ্টি হবে রবিবার থেকে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
তবে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে রবিবার এবং সোমবারের জন্য। এই দুদিন ঝড়বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটারেও। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়ায় এই দু’দিন সতর্কতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মঙ্গলবার পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে।
এ ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সোমবারের পর সতর্কতা রয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবারের জন্য। ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সর্বত্র। উত্তরবঙ্গে দুর্যোগের সম্ভাবনা তুলনামূলক বেশি। আগামী শুক্রবার পর্যন্ত টানা উত্তরের সব জেলায় সতর্কতা জারি করা হয়েছে।
