
একেই রাজ্যজুড়ে বর্ষার ঘনঘটা। তারসঙ্গে দোসর ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখা। যার জেরে শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস।
বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গও। আগামী তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। সঙ্গে ঘন্টা ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। হাওয়া অফিস জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, নদিয়া, মুশিদাবাদ জেলার কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। রবিবার এবং সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। অন্যদিকে, আগামী তিন দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। সোমবারেও একই পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গে। অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, আলিপরদুয়ারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহারেও।
