
ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে কেটে নেওয়া হবে ভাড়ার ২৫ শতাংশ। ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা থেকে ৮ ঘণ্টার মধ্যে বাতিল করলে ভাড়ার ৫০ শতাংশ।
এবার দেশের দুই ‘প্রিমিয়াম’ ট্রেনের ক্ষেত্রে ‘প্রিমিয়াম’ নিয়ম জারি ভারতীয় রেলের। ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা বা তার চেয়ে কম সময় আগে টিকিট বাতিল করলে যাত্রীদের কোনো টাকা ফেরত দেওয়া হবে না। দেশজুড়ে সদ্য চালু হওয়া বন্দে ভারত স্লিপার এবং অমৃত ভারতের টিকিটের ক্ষেত্রে এমনটাই নিয়ম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় রেল। রেলের বাণিজ্য বিভাগ জানিয়েছে, এই ধরনের ট্রেনে যাতে কেউ উদ্দেশ্যহীনভাবে টিকিট বুক না করেন, সেটা নিশ্চিত করতেই এই নিয়ম নির্ধারণ করা হয়েছে। এই দুই ট্রেনের কোনওটিতেই কনফার্মড টিকিট ছাড়া অন্য কোনও রকম টিকিট পাবেন না যাত্রীরা।
একই সঙ্গে রেলমন্ত্রক জানিয়েছে, এই ট্রেনে মহিলা কোটা, প্রবীণ নাগরিক কোটা, প্রতিবন্ধী কোটা এবং ডিউটি পাস কোটা ছাড়া অন্য কোনও কোটা রাখা হচ্ছে না। অন্যান্য ট্রেনের টিকিটের ক্ষেত্রে চার ঘন্টা আগে রিজার্ভেশন চার্ট তৈরি হয়। তবে এই দুই ট্রেনের ক্ষেত্রে ৮ ঘন্টা আগে প্রস্তুত করা হবে রিজার্ভেশন চার্ট। এই নিয়মের ফলে টিকিট বাতিল ও আসন পুনর্বিন্যাসের সমস্যা কমে বলে মনে করা হচ্ছে।
