
অবশেষে ছাগলের টোপে খাঁচাবন্দি করা হয়েছে মৈপীঠের বাঘকে। রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির কিশোরীমোহনপুর এলাকায় বাঘ ঢোকার খবর পেয়ে নজরদারি শুরু করে বন দফতর।
জঙ্গলের চার দিক জাল দিয়ে ঘিরে দেওয়া হয়। ফলে বাঘের গতিবিধি নির্দিষ্ট একটি এলাকায় সীমাবদ্ধ হয়ে যায়। ঘেরা জায়গার মধ্যে পাতা হয় খাঁচা। টোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল একটি ছাগলকে। খাবারের টানে রবিবার রাতেই খাঁচায় ধরা দেয় বাঘ। বন দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার বাঘটির শারীরিক পরীক্ষানিরীক্ষা করা হয়েছে । তার পর সেটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে, আবারও নতুন করে বাঘের আতঙ্ক ঝাড়গ্রামে। রবিবার সকাল সাড়ে ন’টার সময় বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি অঞ্চলের মানিয়াডি জঙ্গলে বাঘ দেখতে পায় স্থানীয় মানুষ। ঐ সময় গ্রামের বেশ কয়েকজন যুবক জঙ্গলে লাল পিঁপড়ে সংগ্রহ করছিল জঙ্গলে।
তাদের পাশ দিয়ে পার হয়ে যায় ঐ বাঘটি। তখনই তারা আতঙ্কিত হয়ে গ্রামে ফিরে আসেন। বিষয়টি জানাজানি হতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাঘের খোঁজ চালাচ্ছে বাঁশপাহাড়ি রেঞ্জের বন দফতরের কর্মীরা।
