
রাঁচির সিল্লি ব্লকে এক কৃষকের বাড়িতে ১০ ঘণ্টা আটকে থাকার পর একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে উদ্ধার করেছে বন দফতর। ঝাড়খণ্ডের রাঁচির সিল্লির মারডু গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, কোচো পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামে কৃষক পুরন্দর মাহাতোর ঘরে আচমকাই ঢুকে পড়ে একটি বাঘ।
স্বাভাবিকভাবে তিনি ভয় পেয়েছিলেন তবে উপস্থিত বুদ্ধির জেরে বাঘটিকে বন্দি করেন কৃষক। কোনও শব্দ না করে চুপিচুপি ঘরের দরজা বন্ধ করে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। পরে খবর দেন বন দফতরকে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ ভিড় জমান ওই বাড়ির কাছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে জেলা প্রশাসন। জারি করা হয় ১৪৪ ধারা। বাড়ির ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়। প্রাথমিকভাবে ওরমানঝির বিরসা পার্ক থেকে বনদফতরের একটি দল এসে ঘুমপাড়ানি গুলিতে বাঘটিকে কাবু করার চেষ্টা করে। কিন্তু সফল হয়নি তারা। পরে আরও অভিজ্ঞ একটি দল ডাকা হয় পালামুর বেতলা টাইগার রিজার্ভ থেকে। বুধবার সকালে সেই দল পৌঁছয়।
ঘরের ভিতরে থাকা বাঘটিকে খাঁচাবন্দি করতে সক্ষম হয় তারা। এরপর তাকে ঘুমপাড়ানি ওষুধ দিয়ে অচেতন করে নিয়ে যাওয়া হয় রাঁচির বিরসা চিড়িয়াখানায়। আপাতত সেখানে পর্যবেক্ষণে রাখা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারটিকে।






