
স্ত্রীর সামনেই স্বামীকে তুলে নিয়ে গেল বাঘ। কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় মৃত্যু হয়েছে সুন্দরবনের পাথরপ্রতিমার বাসিন্দা বছর ৩৬-র জীবন ভক্তার। শনিবার সকালে জীবনের দেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার পাথরপ্রতিমার রামগঙ্গা গ্রামের ইন্দ্রপ্রস্থ আদিবাসী কলোনির ১০-১১ জন মৎস্যজীবী নৌকা নিয়ে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। কলস দ্বীপের জঙ্গল সংলগ্ন পশ্চিম বাদায় কাঁকড়া ধরার সময় জীবন ভক্তার পাশেই ছিলেন তাঁর স্ত্রী দুর্গা। সেই সময় আচমকা জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে তুলে নিয়ে যায় জীবনকে। শনিবার সকালে দেহ উদ্ধার হয়েছে জীবন ভক্তার। এদিকে সুন্দরবন জঙ্গল লাগোয়া ঝড়খালি গ্রামে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েই খাঁচা পেতেছে বনদফতর।
শুক্রবার নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েই গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এরপরেই খবর দেওয়া হয় বনদফতরে। এরপরেই হেড়োডাঙা নদীর চরের জঙ্গল নেটজাল দিয়ে ঘেরা শুরু করেছে বন দফতর। রাতেই খাঁচা পেতেছে বনদফতর।








