
শীতের শুরুতেই সুন্দরবনে বিরলতম মুহূর্ত-একসঙ্গে দেখা মিলেছে তিন তিনটি রয়েল বেঙ্গল টাইগারের! জঙ্গলরাজে এমন দৃশ্য দেখেই শিহরিত তিন পর্যটক। ঝড়খালি ফেরিঘাট থেকে লঞ্চে চেপে বেরিয়েছিলেন তিনজন-অসমের অভিনন্দন রায়, কলকাতার ফটোগ্রাফার ফ্রান্সিস নায়েক এবং ঝড়খালিরই তন্ময় মণ্ডল।
গন্তব্য সুন্দরবনের অজানা জলধারা। লঞ্চ দেউল ভাড়ানির কাছাকাছি পৌঁছতেই হঠাৎই চোখ আটকে যায় অবিশ্বাস্য এক দৃশ্যে। খাঁড়ির নিস্তব্ধ জলে সূর্যের আলো চিকচিক করছে। এমন সময় জলের ভিতর থেকে মাথা তোলে প্রথম বাঘ। তার মিনিট দু’য়েক পর আরও দুটি। এক, দুই, তিন-হাতে গোনা তিনটি বাঘ!
স্রোতের দোলায় স্বচ্ছন্দ সাঁতার, মাঝে মাঝে খেলাচ্ছলে একে অন্যকে ছোঁয়া-দেখলে মনে হয় বাঘেদের কোনও তাড়া নেই, কোনও ভয় নেই। প্রকৃতির রাজ্যে তাদেরই স্বাভাবিক আধিপত্য।
