
অবস্থা একটু স্থিতিশীল হতেই দলে দলে পর্যটক থেকে পরিযায়ী শ্রমিক দেশে ফেরার জন্য ইন্দো-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কিতে ভিড় করেছেন। এদের কেউ কেউ ১৫, কেউ আবার ২৫ কিলোমিটার হেঁটে সীমান্তে পৌঁছেছে।
পরিযায়ী শ্রমিকদের কয়েকজন জানিয়েছেন তাঁরা নেপালের কাকরভিটা এলাকায় প্লাইউড ফ্ল্যাক্টারিতে কাজ করতেন। কিন্তু হঠাৎ করে নেপালের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠতে কারখানা বন্ধ করে দেন মালিক। বিক্ষোভকারীবা পরপর বহু কারখানা জ্বালিয়েও দিয়েছেন। ৩ দিন অশান্ত পরিস্থিতির পর বৃহস্পতিবার কিছুটা স্বাভাবিক হতেই পানিট্যাঙ্গি সীমান্তে জড়ো হয়েছেন এদের অনেকেই। অন্যদিকে ভারতে আটকে পড়া নেপালের বাসিন্দারাও দেশে ফেরার জন্য ভিড় করেছেন। যার জেরে শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে অচলাবস্থা জারি হয়েছে। সেখানে এসএসবি জওয়ানরা সঠিক পরিচয়পত্র দেখেই তবেই পারাপার হতে দিচ্ছেন।
নেপালের বিভিন্ন জেল ভেঙে কয়েদিদের পালানোর ঘটনায় কড়া সতর্কতা জারি হয়েছে। এদিকে সীমান্তে বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে পণ্যবাহী ট্রাক। এর জেরে সামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।






